বাংলা হেডলাইনস: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) কর্তৃক পরিচালিত পাটকলসমূহের শ্রমিকদের মার্চ-এপ্রিল, ২০২০ পর্যন্ত ৮ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের নিমিত্ত ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার।
আজ অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ প্রদান করেন। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের নিজ নিজ একাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা প্রদান করেছে, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয় আজ।
বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এই টাকা পরিশোধ করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের ২৬ এপ্রিল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।