বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দলছুট কালো মুখের একটি হনুমান এসেছে। শনিবার বিকাল পর্যন্ত গত চারদিন উপজেলার রণবাঘা বাজার এলাকায় হনুমানটি অবস্থান করছে। সেটিকে দেখতে জনগণ ভিড় করছেন। কেউ বিরক্ত আবার কেউ খাবার দিচ্ছেন। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ অক্টোবর বুধবার হনুমানটিকে পার্শ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার সীমান্ত এলাকা কৈগাড়ি গ্রামে দেখা যায়। পরে জনগণের অত্যাচারে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামে চলে আসে। শনিবার সকাল থেকে রণবাঘা বাজার এলাকায় হনুমানটিকে দেখা যায়। সেটি গাছের ডালে, বিভিন্ন বাড়ির ছাদে ও মাটিতে বিচরণ করছে। প্রাণীটিকে দেখতে উৎসুখ জনতা ভিড় করছেন। কেউ কলা ও বিস্কুট খেতে দিচ্ছেন আবার কেউ ঢিল ছুঁড়ছেন। এতে ভয় পেয়ে অবুঝ প্রাণীটি ছোটাছুটি করছে। তবে কয়েকদিন ঠিকমত খাবার না পেয়ে হনুমানটি দূর্বল হয়ে গেছে বলে মনে হচ্ছে। রণবাঘা বাজার এলাকার জনগণের ধারনা, কালো মুখ হনুমানটি ফল খেতে খেতে ফলের গাড়িতে চলে এসেছে। আবার কেউ বলছেন, দলছুট হয়ে যশোরের কেশবপুর বা ভারত থেকে এসেছে। খাবারের সন্ধানেও আসতে পারে। তবে শান্ত প্রাণীটি কারো ক্ষতি করেনি।
নন্দীগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম জানান, এলাকায় একটি হনুমান আসার খবর পেয়েছেন। প্রাণীটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে। তিনি প্রাণীটিকে বিরক্ত বা মারপিট না করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।