বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় করোনাভাইরাস আক্রান্তের খবর পেয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনকারী ওষুধ কোম্পানীর প্রতিনিধির নার্স স্ত্রীর পর ১২ বছরের ছেলেও আক্রান্ত হয়েছে।
তিনি শাজাহানপুরের ফুলতলার ভাড়া বাড়ি থেকে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি সদরের শাখারিয়া গ্রামের বাড়িতে চলে যান। মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই শিশু ছাড়াও শহরের সেউজগাড়ি এলাকার এক ব্যাংকারও (৫৮) আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় গত কয়েকদিনে মোট ২৩ জন আক্রান্ত হলেন। এর মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ঝড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মঙ্গলবার শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে বগুড়ার ৯১ জনের মধ্যে দু’জন পজিটিভ। জয়পুরহাটের তিনজনই নেগেটিভ। বগুড়ায় আক্রান্ত দু’জনের মধ্যে এক শিশু ও এক ব্যাংকার রয়েছেন।