প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নার্সিং সবচেয়ে সম্মানজনক পেশা।
‘এটা(নার্সিং)সেবামূলক পেশা। যে পেশাটা আমি মনে করি সব থেকে একটা সম্মানজনক পেশা।কারণ একজন অসুস্থ মানুষ, তার পাশে দাড়ানো, তার সেবা করা, তাকে রোগমুক্ত করা এবং তার পাশে থাকা। এর থেকে বড় সেবা আর কি হতে পারে,?’ বুধবার গাজীপুরের কাশীমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন তাঁর সরকার এখন এই সেবাটা গ্রাম পর্যায়ে মানুষের কাছে পোঁছে দিতে পারছে।
তিনি সদ্য গ্রাজুয়েট ডিগ্রী প্রাপ্ত নার্সদের তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আর্তমানবতার সেবায় কাজে লাগানোর জন্য আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক নার্স প্রয়োজন। পাশাপাশি আমরা যেহেতু দেশে অনেক বিশেষায়িত (স্বাস্থ্যসেবা) ইনস্টিটিউট প্রতিষ্ঠা করছি, তাই আমাদের বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত নার্সদের প্রয়োজন হবে।’
২০১৩ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। যাত্রা শুরুর ছয় বছর পর প্রথমবারের মতো সমাবর্তন হলো এই কলেজের।