রাজধানীতে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক, তার বন্ধু ও কর্মচারীর বাসা থেকে মঙ্গলবার র্যাব পৃথক অভিযান চালিয়ে পাঁচ কোটি পাঁচ লাখ নগদ অর্থ, আট কেজির স্বর্ণালংকার ও ছয়টি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের জানান যে সোমবার ভোর রাতে র্যাব এনামুল হকের পুরান ঢাকার সুত্রাপুরের বাসা ঘিরে রাখ এবং মঙ্গলবার সকালে অভিযান চালায়। তিনি বলেন এনামুলের বাসা থেকে এক কোটি পাঁচ লাখ টাকা জব্দ করা হয়েছে।
এ ছাড়াও আট কেজি স্বর্ণালংকার ও পাঁচটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয় এনামুলের বাসা থেকে । সিন্ধুকের ভিতর থেকে টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়।
শাফিউল্লাহ বলেন পাঁচটি সিন্ধুক এনামুলের বাসায় ডেলিভারী দেওয়া হয় যার মধ্যে তিনটি এনামুলের বাসায় পাওয়া যায়।
বাকী দুটির একটি সিন্ধুক এনামুলের কর্মচারী আবুল কালাম আজাদের বাসায় পাওয়া যায়। সেখানে র্যাব অভিযান চালিয়ে দুই কোটি টাকা ও একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে। বাকী সিন্ধুকটি এনামুলের বন্ধু হারুনার রশিদের বাসায় সেখানে র্যাব অভিযান চালিয়ে দুই কোটি টাকা জব্দ করে।
র্যাব-৩ এর অধিনায়ক বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, কয়েক দিন আগে এখানকার ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল হক ও রূপন ভূঁইয়া।
তিনি বলেন এনামুল ক্যাসিনোর একটা বড় অংশের মালিক ছিলেন । তিনি ক্যাসিনোর লভ্যাংশের টাকা বাসায় আনতেন এবং গোল্ডে রূপান্তরিত করতেন যেটা মানিলন্ডারিং পরে।
জানা গেছে এনামুল ওয়ান্ডারাস ক্লাবের অবৈধ ক্যাসিনোর অংশীদার।