বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম (৪৬) ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষিতার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে বুধবার বিকেলে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের সোলেমান মাষ্টারের ছেলে ও পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার চরভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম সোমবার দুপুরে ওই বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী বাড়ীতে এসে ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তার ভাবিকে জানায়। এ ধর্ষণের বিষয়টি ফাঁস হয়ে যায়। মঙ্গলবার রাতে গ্রামে এক বৈঠকে প্রভাবশালী শিক্ষকের প্রভাবে বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয় গ্রামের প্রধানরা। অবশেষে বুধবার বিকেলে ধর্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। ধর্ষক শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার ওসি পঞ্চনন্দ সরকার উল্লেখ করেন।