বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠককে পতিত ফ্যাসিবাদী শক্তির দেশ অস্থিতিশীল করার ফ্যাসিবাদীবিরোধী রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শ নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এ আলোচনায় এমন একটি বাংলাদেশ গড়ার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকবে।
এর আগে দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এনসিপির প্রতিনিধিদলের সদস্যরা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর ২টায়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহ্দী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় সব শ্রেণি-পেশা, ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের মানুষকে ঐক্যবদ্ধ হয়েছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও স্বাধীনতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে এগিয়ে নিতে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
আলোচনায় আর্থসামাজিক উন্নয়ন, দেশীয় শিল্পের সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় বিভিন্ন বিষয় উঠে আসে বলেও জানান মুখপাত্র।
সরকারের কাছে এনসিপির প্রতিনিধিদল কোনো শর্ত দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানান, কোনো শর্ত দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘মতবিনিময়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রতিনিধিদলের সদস্যরা তাদের বিষয়গুলো তুলে ধরেছেন, আর প্রধানমন্ত্রী সরকারের অবস্থান জানিয়েছেন।’
তিনি আরও বলেন, নতুন করে ঐক্য গড়ার প্রয়োজন নেই। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ই ঐক্যের একটি ভিত্তি তৈরি হয়েছিল। এখন সেই ঐক্যকে আরও সুসংহত করতে হবে।
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ অঙ্গীকার থেকে ন্যূনতম বিচ্যুতিও হবে না বলেও জানান উপদেষ্টা।
সেই সঙ্গে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও জানান, প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের মধ্যে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে। এনসিপি নেতারা তাদের মতামত জানিয়েছেন, প্রধানমন্ত্রীও কথা বলেছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এবং সহকারী প্রেস সচিব মো. নাজমুল হক খান উপস্থিত ছিলেন।