বাংলা হেডলাইনস বগুরা প্রতিনিধিঃ বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সোমবার শহরের রাস্তার দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে ফুলবাড়ি এলাকায় মহিলা কলেজ থেকে মাটিডালি বিমান মোড় পর্যন্ত এক্সকেভেটর দিয়ে ৩৫০টি অবৈধ স্থাপনা বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় সওজের যুগ্ম সচিব ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী উপস্থিত ছিলেন।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, দীর্ঘদিন প্রভাবশালী মহল সওজ’র রাস্তার পাশে ফুটপাতের উপর জায়গায় দোকান ও হোটেল রেস্তোরা নির্মাণ করে রেখেছিল। সোমবার সকাল থেকে শহরের সুবিল এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এই অভিযান চলে মাটিডালী পর্যন্ত। ইতোপূর্বে শহরের সুবিল ব্রীজ থেকে মাটিডালী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশ থেকে স্থাপনা সরিয়ে নেয়ার
জন্য মাইকিং করা হয়। এছাড়া সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা সত্বেও অবৈধ দখলবাজরা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার পাশের ৩৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সুবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েল বলেন, স্কুলের পাশে অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে উঠার কারণে শিক্ষার্থীদের যাতায়াতের সময় নানারকম সমস্যা হতো। আজকের এই উচ্ছেদ অভিযানের ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ফুটপাত দিয়ে যাতায়াত করতে পারবে।