বাংলা হেডলাইনস প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা সেতুর পূর্ব পাশে বুধবার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আহত ব্যক্তিকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান,সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস নলকা এলাকায় মহাসড়কের ওপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ট্রাকটি রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।