বাংলা হেডলাইনসঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকবৃন্দ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য শপথ নেন। বুয়েটের অডিটোরিয়ামে এই গণশপথ অনুষ্ঠান হয়। বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম গণশপথে অংশগ্রহন করেন।
বুয়েটের শিক্ষার্থী রাফিয়া রিজিওনা শপথ পাঠ করান। শপথের আগে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হতে থাকে গণশপথে অংশ গ্রহন করার জন্য। পরিচয়পত্র দেখিয়ে ছাত্ররা অডিটোরিয়ামে প্রবেশ করেন।
আবরার হত্যার সাথে জড়িত ছাত্রদের স্থায়ী বহিষ্কারের ব্যাপারে বুয়েটের ভিসি সাইফুল ইসলাম বুধবার সাংবাদিকদের বলেন তদন্ত রিপোর্ট বের হউক তারপর আমরা সবাই মিলে বসে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব।
মঙ্গলবার বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার সহ ১০ দফা দাবির মাঠ পর্যায়ের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে একজন শিক্ষার্থী গণমাধ্যমের সামনে বলেন আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এক গণশপথে অংশ নেবো।গণশপথের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হবো।
ঘোষণাকারী ছাত্র বলেন খুব সুস্পষ্ট ভাবে আমরা বলতে চাই মাঠ পর্যায়ের যে আন্দোলন তার আপাতত ইতি টানলেও আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে থাকবো যে আমাদের যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন নিশ্চিত করছে কি না।
তিনি আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থা চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার করার আগ পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা কোন রকম একাডেমিক কার্যক্রমে অংশ নেব না।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার পর অক্টোবর ৭ ক্যাম্পাসে আন্দোলনে নামে। তারা লাগাতার আন্দোলনের মাঝে অক্টোবর ১৩-১৪ দুদিন আন্দোলন শিথিল করে বুয়েটে ১ম বর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে ও আন্দোলনকারীদের দাবিসমূহের বাস্তবায়ন দৃশ্যমান শুরু হওয়ায়।
আবরারকে পিটিয়ে হত্যা করা হয় ।তার লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়।