বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১০ জনকে এক বছরে কারাদণ্ড এবং সাত জনকে আড়াই লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন দুপুরে এই দন্ডাদেশ দেন। এক বছরে করে কারাদন্ড প্রাপ্তরা হলেন– আবুল কাশেম (৪৫), মোফাজ্জল মন্ডল (৩২), টোকন সর্দার (২৫), আকরাম হোসেন (২৫), রহম আলী সর্দার (৫৮), আলতাফ আলী (৫৮), আলম শিকদার (৪০), সিদ্দিক (৩৭), শহীদ শেখ (৩৫) ও নুরুজ্জামান (৩৫)।
শিবালয় উপজেলা সহকারী কমিশরার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জেলেরা মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকারে নামেন। এদের ধরতে নদীতে অভিযান পরিচলনা করা হয়। এসময় আটককৃত জেলেদের ১০ জনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকী ৭ জনকে ২৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সাথে ৫০হাজার মিটার কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও ১০ টি ইলিশ ধরার নৌকা ডুবিয়ে দেয়া হয়েছে এবং মাছ কেনায় সহযোগিতার দায়ে ৩ টি ট্রলারও ডুবিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।