বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে একরাতে দুই স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর আমতলা মহল্লায় সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়ীতে কনে ওই মহল্লার শাহীন আহমেদের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনের (১৩) সাথে একই এলাকার চরমালশাপাড়া মহল্লার ছাকাওয়াত হোসেনের ছেলে রবিউল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা শাহীন আহমেদ ও বর রবিউলকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামাড়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়ীতে কনে ওই গ্রামের রঞ্জু সরকারের মেয়ে ও ৮ম শ্রেণির ছাত্রী মীম সুলতানর (১৩) সাথে কামারখন্দ উপজেলা পাইকশা গ্রামের সাবান আলীর ছেলে মেরাজুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবা রঞ্জু সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।