বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বুগুড়ায় উজ্জ্বল হোসেন (২৫) নামে এক যুবককে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাতে শহরতলীর পালশা তালপুকুর এলাকায় ছুরিকাঘাতের পর হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গোদারপাড়া এলাকার আরিফ নামে একজনকে থানায় এনেছে। পুলিশের ধারনা, উজ্জ্বল মাদক সংক্রান্ত বিরোধে বন্ধুদের হাতে খুন হয়েছে। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল গফুর ও অন্যরা জানান, উজ্জ্বল হোসেন শহরের নিশিন্দারা ধমকপাড়া মোহাম্মদ আলীর ছেলে। তিনি বাস-ট্রাকে অনিয়মিত হেলপারের কাজের পাশাপাশি মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইন ও ডাকাতি প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।
মাদকের কারণে পরিবার থেকে তাকে পুলিশে দেয়া হয়েছিল। প্রায় দুই মাস আগে উজ্জ্বল জেল থেকে জামিনে ছাড়া পায়। পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোন পেয়ে উজ্জ্বল বাড়ি থেকে বের হয়। পালশা তালপুকুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, রাত ১১টার দিকে উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ৭-৮ টি স্থানে ছুরিকাঘাত করা হয়। তার লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইন্সপেক্টর আম্বার আরো জানান, ধারনা করা হচ্ছে উজ্জ্বল মাদক সেবন বা মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধে অন্য মাদক বিক্রেতাদের হাতে খুন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরিফ নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।