টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে আবারো আরেকটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার বাংড়া যুগীবাড়ি মদন মোহন নাথ এর ঠাকুরদার কালী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরে থাকা পাঁচটি প্রতিমার মধ্যে মহাদেব, জুগিনি ও শীতলী প্রতিমার মাথা কেটে ফেলে দুর্বৃত্তরা এবং কালি ও ডাকিনী প্রতিমা মন্দিরে ফেলে রেখে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম., সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, ডিবি উত্তরের ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বাংড়া যোগীপাড়া হীরালাল সূত্রধরের ছেলে রঞ্জিত সূত্রধর জানান, আমি ভোরে মন্দিরের পাশের একটি খেতে মাছ ধরার গর্ত বানাইছি সেখানে মাছ দেখতে এসে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মন্দিরে থাকা প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পাই। পরে বাড়ির লোকজন কে জানাই।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি হাসানুল মামুনের নিকট জানতে চাইলে তিনি তার মন্তব্য না করে এড়িয়ে যান। উল্লেখ্য, কালিহাতী পৌর এলাকার সিলিমপুর উত্তর সেন বাড়ি সার্বজনীন কালি মন্দিরে গতকাল এরকম আরও একটি ঘটনা ঘটেছিল। পরপর এরকম দুটি ঘটনা ঘটায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে।