বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০জন জয়িতাকে সংবর্ধণা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। জয়িতা বিজয়ী নারীর প্রতীকী নাম।
অথনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হোসনে আরা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ফারজানা আক্তার, সফল জননী নারী সেলিনা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সালেহা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কল্পনা রানী সরকার , জেলায় অথনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আঞ্জুয়ারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুপর্না রানী রায়, সফল জননী নারী সুফিয়া বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী কুলসুম বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাজমা আক্তারকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস ।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তারের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা নারী সংস্থার চেয়ারম্যান লক্ষী রানী চ্যাটার্জী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসামাউল হুসনা লিজা, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাবিহা হাবিব, উদীচীর জেলা কমিটির সভাপতি কাজী লুৎফুন নাহার শিউলী, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন এবং জয়িতা নারীরা বক্তব্য দেন।