বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হাঁড় কাপানো শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশা অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চর ও দূর্গোমঞ্চলের গরিব ও অসহায় মানুষের অবস্থা এখন অসহনীয় । রোববারও দিনভর কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্য দেখা যায়নি। এ কারণে মহাসড়কে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। এতে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকাও রয়েছে। তবে সড়ক পথে পুলিশের টহল ও সিগন্যাল ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

গত ৪৮ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা উপজেলা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে শিশুসহ অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছে। এসব রোগীদের মধ্যে নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি রয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রামাঞ্চলে কাঠ, খড়ি জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্থরা। এছাড়া সরকারি বেসরকারি অফিস আদালতে দরজা ও জানালা আটকিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। শীত ও হিমেল হাওয়ায় জেলা উপজেলা শহরে জনসমাগম কম। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, জেলা উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিরা অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করছেন। ইতিমধ্যেই ৫৪ হাজার কম্বল বিতরণ প্রায় শেষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরো ৫০ হাজার কম্বল বরাদ্দ চাওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।