বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শীতের প্রকোপে ডায়রিয়া নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা বাড়ছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু রেজিস্ট্রার বিভাগের ডাঃ মাহবুবুর রহমান জানান, শীতের প্রকোপসহ বিভিন্ন কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, হাঁপানি, জ্বর,সর্দিকাশি রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। গত ৩ দিনে ওই হাসপাতালে শতাধিক ডায়রিয়া, হাঁপানি ও নিউমোনিয়ার রোগী ভর্তি হয়েছে। তবে এসব রোগীর মধ্যে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বেশি।
এদিকে জেলার সবকয়টি উপজেলা হাসপাতালে ওইসব রোগে আক্রান্ত শতাধিক রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ডায়রিয়া ও নিমোউনিয়া রোগে আক্রান্ত শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বেশি। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শীতসহ বিভিন্ন কারণে এসব রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।