বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাই আরিফুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম আত্রাই উপজেলার বাঁকা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আরিফুল তার ব্যবসায়িক কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে যান। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন আরিফ।
রাত ২টার দিকে তার চাচা রেজাউল ইসলাম জেগে দেখেন আরিফুলের দরজা খোলা। সে ঘরে নেই। এ সময় বাহিরে বের হলে বাড়ির কাছেই থাকা একটি ড্রামের পাশে আরিফের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর মাথার পিছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।