বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিদেশ থেকে ফেরত আসা আরো ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদের মধ্যে চীন ফেরত ৩ ছাত্র রয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম মঙ্গলবার বিকেলের দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার উল্লাপাড়ায় চীন ফেরত ৩ ছাত্রসহ ৪ জন, রায়গঞ্জে ১ জন ও কাজিপুর উপজেলায় ১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদের সবাইকে আগামী ১৪ দিন ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩ জন ও উল্লাপাড়ায় আরও ১ জন বিদেশ থেকে ফেরত আসার খবর পাওয়া গেছে। সেখানে ইতিমধ্যেই মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
করোনা ঝুঁকি এড়াতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। জন সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণও করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে প্রধান করে ইতিমধ্যেই ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।