বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে (৫১) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সে ওই গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামীর অনুপস্থিতিতে বুধবার দুপুরে এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে জেলার কামারখন্দ উপজেলা সদরের হরিপদের মেয়ে স্বপ্না রানীর সাথে সনাতন চন্দ্র ভৌমিকের বিয়ে হয়। এ বিয়ে অনুষ্ঠানে যৌতুক হিসেবে ধার্য্য করা ১ লাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ভৌমিক।
এরই এক পর্যায়ে ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালাদে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ মামলার পর থেকেই সনাতন সপরিবারে পলাতক রয়েছেন। পুলিশ এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।