বংলা হেডলাইনস রাঙ্গামাটি- প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় গত দুই সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যুর পর হামে আক্রান্ত লুঙথিয়ান পাড়ায় রবিবার রাত ১২টার দিকে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম পদরাণী ত্রিপুরা (৯) মাতা ধনেমালা ত্রিপুরা।
সাজেক ইউপি চেয়ারম্যান নেলশন চাকমা এ তথ্য নিশ্চিত করে জানান, সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগে ইতিমধ্যে ৫ শিশু মারা যাওয়ার পর রবিবার রাতে আরো এক শিশুর মৃত্যু হয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখানে মেডিকেল টিম গিয়ে চিকিৎসা দিচ্ছে।