বাংলা হেডলাইনস খুলনা: ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এসব এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানির উচ্চতা বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ তথ্য দিয়ে জানানো হয়েছে, আজ বেলা এগারোটার দিকে এসব এলাকার নদ-নদীতে জোয়ার শুরু হয়েছে। এ কারণে পানির উচ্চতা আরো বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
খুলনা বিভাগীয় কন্ট্রোলরুম থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার জানিয়েছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৩ হাজার ৭ আশ্রয় কেন্দ্রে ১৭ লাখ মানুষকে উঠানোর টার্গেট নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে চার লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে।
মানুষের পাশাপাশি প্রায় ৪০ হাজার গবাদিপশু নিরাপদ আশ্রয়ে আছে। এসব এলাকায় ২৬ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। সেই সাথে ৩০৩ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। তিনি জানিয়েছেন, আম্পান মোকাবেলার জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।