বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) করোনা আক্রান্ত তাজুল হুদার তিন মেয়ের শরীরেও এই ভাইরাস শনাক্ত হয়েছে।
সেইসাথে ওই থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল ও একজন নারী কনস্টেবলের স্বামীও আক্রান্ত হয়েছেন।
আজ শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর শনিবার ৯৩ জনের নমুনা রিপোর্টে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৮৫ জনের রিপোর্ট নেগেটিভ।
নতুন আক্রান্তরা হলেন, সলঙ্গা থানার ওসি তাজুল হুদার তিন মেয়ে, একই থানার দুই উপ-পরিদর্শক, দুজন কনস্টেবল, একজন নারী কনস্টেবলের স্বামী। এর আগে গত ৪ জুন সলঙ্গা থানার ওসি ও একজন উপ-পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়।
তিনি আরও বলেন, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে। আক্রান্তদের মধ্যে ৩২ জন পুলিশ সদস্য রয়েছে। তবে এখন পর্যন্ত ৩ পুলিশ সদস্যসহ মোট ১৪ জন সুস্থ্ হয়েছেন।