বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্য হয়েছে।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তি মারা যান।
উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে এক শিশু এবং শহরের চেলোপাড়ার বাড়িতে এক সনাতন ধর্মাবলম্বী মারা গেছেন।
এ নিয়ে বগুড়ার দুটি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ১৩ জন ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার প্রকৌশলী মিজানুর রহমান জানান, ঢাকায় করোনা উপসর্গ নিয়ে মৃত একজনসহ শুক্রবার মোট পাঁচজনের দাফন ও সৎকার করলেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, শহরের ফুলবাড়ি এলাকার আবদুল জলিল (৭১) করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে ভর্তি হন। বেলা ২টার দিকে তিনি মারা গেছেন। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
এছাড়া কাহালুর মুরইল বাজারের মো: সাকু (৩৬) উপসর্গ নিয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, কাহালু উপজেলার পালপাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে নাঈম হোসেন (১৪) করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভর্তি হয়। সে শুক্রবার সকাল ১০টার দিকে মারা গেছে।