বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনাভাইরাসে মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় সাতজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২৮ জন সংক্রমিত হয়েছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৫৫ জন কোভিড-১৯ এ সংক্রমিত হলেন।
আজ শনিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে এ পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩১৮ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে জেলায় ৫৫৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় ২৮ জনের করোনা পজিটিভ শনাক্তা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এদের মধ্যে চারজন নার্স এবং একজন করে স্বাস্থ্য সহকারী, সেকমো ও ওয়ার্ডবয় রয়েছেন।
নতুন সংক্রমিতদের মধ্যে জেলা সদরে নয়জন, সিঙ্গাইরে চারজন, সাটুরিয়ায় দুইজন, হরিরামপুরে ছয়জন, দৌলতপুরে একজন এবং শিবালয় ও ঘিওরে তিনজন করে রোগী রয়েছেন।