বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর-ভদ্রঘাট আঞ্চলিক সড়কের ডুমুর চৌরাস্তা এলাকায় ইটভাঙা মেশিন উল্টে পড়ে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে মেহেদি (১৫) ও শামীমের ছেলে নাঈম (১৪)। এরা দুজনই স্থানীয় একটি হাই স্কুলের ৮ম ও ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ শ্রমিক। এদের মধ্যে ৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে স্কুল ছুটি থাকায় ওই ২ স্কুল ছাত্রসহ কয়েকজন শ্রমিক ইটভাঙা মেশিনের শ্রমিকের কাজ করতো।
প্রতিদিনের ন্যায় তারা বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় চৌরাস্তা এলাকায় পৌঁছলে ইটভাঙ্গা মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয় এবং ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মেহেদী মারা যায়।
এমন দুর্ঘটনায় ওই ২ স্কুল ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।