বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা জেলার ১৮টি সড়কে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন বা কি কারণে বন্ধ থাকবে তার কোন সঠিক জবাব দেয়নি বাস মালিক সমিতির নেতারা। তবে বিএনপির দাবি শনিবার খুলনা বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ২৪ ঘন্টা শহর থেকে কোন পরিবহন ছেড়ে যাবে না এবং কোন পরিবহন শহরে প্রবেশ করবে না।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোন অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ।
মঞ্জু নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয় মহানগরে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।
এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীরউত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীরা।