বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এখন মফস্বল এলাকার সাংবাদিকরাও উপকৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। পাশাপাশি সাংবাদিকদের বিরাট সামাজিক দায়িত্বও রয়েছে। তাদের একটি ভুল কিংবা বিকৃত তথ্য দিয়ে পরিবেশিত সংবাদে সমাজের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তাই ইয়োলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা বাদ দিতে হবে।
আজ বুধবার রাঙ্গামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটিতে কমর্রত সিনিয়র অসুস্থ সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ, দৈনিক রাঙামাটি সম্পাদক রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: এখলাস মিয়া খান প্রমূখ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের মধ্যে রাঙ্গামাটি জেলার ৪ জন এবং জেলার লংগদু উপজেলা থেকে ১ জন সিনিয়র অসুস্থ সাংবাদিককে মোট সাড়ে ৩ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে রাঙ্গামাটিতে বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস) এর রাঙ্গামাটি জেলার প্রবীণ সাংবাদিক এ কে এম জহুরুল হক ৫০ হাজার টাকা, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো: এখলাস মিয়া খান ১ লক্ষ টাকা, দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে ১ লক্ষ টাকা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ ৫০ হাজার টাক ও দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার হরি কিশোর চাকমাকে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন দীপংকর তালুকদার এমপি।