বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালুয়াঘাটি এলাকায় ট্যাংকলরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে।
নিহতরা হলো, উল্লাপাড়া উপজেলার কয়ারা জঙ্গলপাড়া গ্রামের রেজাউল শেখ (৩৮) ও আলতাব হোসেন (৩৪)।
এ ঘটনায় আহত হয়েছে সিএনজি চালকসহ ৩ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকার জ্বালানি তেল ডিপো থেকে তেলবাহী ট্যাংকলরি বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে যাত্রীবাহী ওই সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।