বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় বুধবার রাতে ও আদমদীঘিতে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ দু’জন মারা গেছেন।
দুর্ঘটনায় গৃহবধুর ভাগ্নেসহ পাঁচজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও থানার পুলিশ কর্মকর্তারা এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের বাদলা মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৫০) ও আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের কোরবান আলীর ছেলে ট্রাক্টরের হেলপার আবদুর রশিদ (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টার দিকে ফিরোজা বেগম তার ভাগ্নে সারোয়ার হোসেনের মোটরবাইকে দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে চামরুল গ্রামের বাড়িতে ফিরছিলেন। দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের রঘুসারদীঘি এলাকায় পৌঁছলে সারোয়ার বিপরীত দিক থেকে আসা আলু বোঝাইকে ট্রাককে সাইড দেবার চেষ্টা করেন। তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই খালা ফিরোজা বেগম মারা যান এবং তিনি (সারোয়ার) আহত হন। দুপচাঁচিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহত সারোয়ারকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি হাসান আলী জানান, অভিযোগ না থাকায় গৃহবধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার অ্যারোয়া ইটভাটার একটি টাক্টর ভাটার দিকে যাচ্ছিল। উপজেলার ইন্দ্রইল ব্রীজের কাছে পৌঁছলে বগুড়ামুখী চালক বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের কেউ আহত না হলেও ট্রাক্টরের চালক, হেলপারসহ পাঁচজন আহত হন।
আহত হেলপার আবদুর রশিদ, চালক সিরাজ, শ্রমিক রনি, আসলাম, ও ঝিনুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশিদ মারা যান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে; মামলার প্রস্তুতি চলছে।