বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো সলঙ্গা নতুনপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে নোমান (৫) ও এরান্দহ গ্রামের কামরুল ইসলামের ছেলে জিহাদ (৬)।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১০ মে) বিকেলে সলঙ্গা নতুনপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে নোমান খেলার সময় বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। বিকেলে ওই ডোবায় শিশুটির লাশ ভেসে উঠলে স্বজনেরা তাকে উদ্ধার করে।
অপরদিকে এরান্দহ গ্রামের জিহাদ বন্ধুদের সাথে বিকেলে মাঠে খেলতে গিয়ে বোয়ালিয়া বিলের পানিতে পড়ে যায়। স্থানীয়রা সন্ধ্যায় ওই বিল থেকে তার লাশ উদ্ধার করে। এ দুটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।