বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পদ্মা নদীর বড়াল মুখ সংলগ্ন স্থানে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় কলেজ পড়ুয়া ছাত্র সীমান্ত (১৮)।
পরে সীমান্তর বন্ধুরা তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন থানা পুলিশকে অবহিত করে পদ্মা নদীতে খোঁজাখুঁজি করে।
উপজেলার থানাপাড়া গ্রামের রানার বড় ছেলে কলেজ পড়ুয়া ছাত্র সীমান্ত (১৮)।
আজ বুধবার সকালে থানা পুলিশ, ফায়ার স্টেশন, নৌপুলিশ ও বিজিবির সদস্যদের তৎপরতায় নদীতে অভিযান চালায়। আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর মাছ ধরা জালে আটকানো নিহত সীমান্তর লাশটি স্থানীয় জনসাধারনের সহায়তায় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার করে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, লাশটি উদ্ধার করে নৌপুলিশ ফাড়ির মাধ্যমে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।