বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু ও এক নারী আহত হয়েছে।
বজ্রপাতে নিহতরা হলো ব্রজবালা লেদুরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৭)।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত হায়দার সরকার শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়া মহল্লার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, লেদুরপাড়া গ্রামে কৃষকরা জমিতে ধান কাটছিল। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচপাম্প ঘরে আশ্রয় নেয়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তারা ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হোসেনের মৃত্যু হয়।
আলম হোসেনের স্ত্রী স্ফুর্তি খাতুন (২৬) কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বিকেল ৪ টার দিকে নদীর ধারে যাওয়ার সময় পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে বজ্রপাতে নিহতদের প্রত্যেক পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নগদ ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানিয়েছেন।