বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলায় আর কোন প্রানহানি না ঘটে তার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙ্গামাটি শহর এলাকায় ৩৩টি ঝুঁকিপুর্ন এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার আহবান জানানো হয়েছে।
আজ রবিবার (৬ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই আহবান জানানো হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুরর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ রাঙ্গামাটি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, ২০১৭ সালের যে দুর্যোগ হয়েছে তা মাথায় রেখে আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। কোন প্রকার দুর্যোগ দেখা মাত্র রাঙ্গামাটির সকল প্রশাসনকে নিয়ে মোকাবেলার কাজ করা হবে। যাতে রাঙ্গামাটি জেলায় আর একটিও প্রাণহানির ঘটনা না ঘটে তার জন্য সকলের দৃষ্টি রাখার আহবান জানান।