বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ডিহি ডওর গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
শিশু দুটির মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; আত্মীয়-স্বজন ও পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত শিশুরা হলো বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলি ইউনিয়নের ডিহি ডওর গ্রামের রন্টু মিয়ার ছেলে সৌরভ হোসেন (৭) ও প্রতিবেশি আবদুল মজিদের ছেলে সোহান মিয়া (৮)।
স্বজন ও এলাকাবাসীরা জানান, প্রতিদিনের মতো রোববার বেলা সাড়ে ১২টার দিকে শিশু সৌরভ ও সোহান গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন।
তারা পুরো গ্রামে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। সন্দেহ হলে গ্রামের ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বেলা ২টার দিকে পুকুরে শিশু সৌরভ ও সোহানের লাশ পাওয়া যায়।
গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মৃত দুই শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।