বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জুরাছড়ির লুলাংছড়িতে দুর্বৃত্তের গুলিতে গ্রাম প্রধান (কারবারি) নিহত হয়েছে। নিহতের (কারবারি) নাম পাত্থুরমনি চাকমা।
রবিবার (১৩ জুন) রাত ৯ টার দিকে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় পাত্তুর মনি চাকমা। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রামে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয় গ্রামবাসীর সুত্র দিয়ে জানা যায়, রবিবার রাতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী তার উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এই হামলার ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আযম জানান, আমরা খবর পেয়েছি। লুলাংছড়ির কারবারি পাত্থুরমনি চাকমাকে গুলি করা হয়েছে। সে ঘটনাস্থলেই মৃত্যু বরণকরে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রওনা হয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান হত্যাযজ্ঞ দীর্ঘদিন বন্ধ ছিলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রাতে রাঙ্গামাটির জুরাছড়ির লুলাংছড়িতে কারবারিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।