বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে কঠোর লকডাউনে নির্দেশনা অমান্য করায় নগরীসহ রাজশাহী জেলায় ৬৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। মামলা হয়েছে ৬৬ জনের বিরুদ্ধে।
জেলায় ৪৮ হাজার ২৫০ টাকা জরিমানা ও ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। এছাড়া জেলায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে তৎপর থাকতে দেখা গেছে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
স্থানীয় প্রশাসনের তথ্য মতে রাজশাহীর বাগমারা উপজেলায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ হাজার ৬০০ টাকা। গোদাগাড়িতে ৯ জনের বিরুদ্ধে মামলা ও ৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। দূর্গাপুরে ৯ জনের বিরুদ্ধে মামলা ও ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
পুঠিয়ায় ৬ জনের বিরুদ্ধে মামলা ও ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাঘায় উপজেলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়াও তানোর উপজেলার ৫ জনের বিরুদ্ধে মামলা ও ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ জানান, করোনাকালীন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে কালিগঞ্জ বাজার ও গোল্লাপাড়া হাট ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল।
বিশেষ অভিযানের সময় তাদের নামে মামলা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড করে ছেড়ে দেয়া হয়েছে।
বাঘা উপজেলায় সরকারি নির্দেশনা না মানায় ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে চন্ডিপুর বাজার, বাঘা বাজার, মীরগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
তানোর উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে চলায় ৭ জনকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
দুপুরে গোল্লাপাড়া বাজার, মুন্ডমালা বাজার, চৌবাড়িয়া হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দরিদ্র শ্রেণীর ছিন্নমুল ও অসহায় বয়স্ক নারী-পুরুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ বলেন, করোনা প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।