বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুর মুরইল বাজারে এমদাদুল হক মিলন (৪২) নামে ভুয়া চিকিৎসককে আটক করে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান রোববার বিকালে তাকে এ সাজা দেন। পরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানান, এমদাদুল হক মিলন কাহালু উপজেলার মুরইল ভালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। চিকিৎসা বিদ্যায় তার কোন ডিগ্রি নেই। এরপর তিনি মুরইল বাজারে ‘ফিরোজা চিকিৎসালয় অ্যান্ড এশা ডেন্টাল কেয়ার ফার্মেসী’ নামে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে দাঁতসহ বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছেন। সাইনবোর্ড ও প্যাডে ডিগ্রিধারী চিকিৎসক উল্লেখ করেন।
রোববার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দোকানে অভিযান চালান। এমদাদুল হক মিলন তার ডাক্তারি সনদ, অন্যন্যা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন ও সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। তখন আদালত তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান জানান, ওই ব্যক্তির ভুল চিকিৎসায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই তাকে আদালতে ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। পরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।