বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের রির্জাভ বাজারে ঝুঁকিপূর্ণ মালামাল ভর্তি ৬টি দোকান ঘর রাস্তা পাশ থেকে ভেঙ্গে প্রায় একশ ফুট খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এতে করে রিজার্ভ বাজার প্রধান সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
আজ সোমবার সকালে রির্জাভ বাজার আব্দুল আলি একাডেমির সামনে হঠাৎ করে বিকট শব্দ করে দোকান ধ্বসে পড়ার ঘটনাটি ঘটে। তবে দোকানগুলোতে কেউ না থাকার কারণে কোন হতাহত হয়নি।
গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ঝুঁকিপুর্ণ ৫টি দোকান ধ্বসে পড়েছে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় দোকান বন্ধ থাকায় কোন প্রানহানি ঘটেনি। তবে দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার বেশি মালামালের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ করে দোকানগুলো পড়ে যায়। কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের মাটি সড়ে যাচ্ছে দেখে দোকানদাররা সরে যায়। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
দোকানগুলো কাঠের খুটিঁর উপর নির্মিত ছিলো। গত কয়েকদিন ধরে দোকানগুলোর নিচে থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছিল। তাই তারা কেউ দোকান খুলেনি। এছাড়া লকডাউনের কারনে দোকানীরাও দেরিতে দোকানে আসে।তাই দোকানে কেউ না থাকায় রক্ষা পেয়েছে।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও কোতয়ালী থানা পুলিশঘটনাস্থলে আসে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন।
দোকানের ভারাটিয়ারা জানান, ২০১৭ সালের পাহাড় ধ্বসের সময় দোকান সামনের দিকে ফাটল ধরে এবং দোকানগুলোও জরাজীর্ণ হয়ে যায়। দোকানের মালিককে দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের জন্য বললেও সংস্কার করেনি। আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছি।
গতকাল রাতে কিছু মাটি সরে যেতে দেখে আমরা দোকানে কেউ ছিলাম না। সকালে সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে আমরা পুষিয়ে উঠবো তা নিয়ে চিন্তায় আছি।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫টি দোকান ধ্বসে পড়েছে। আমরা ঘটনা স্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হয়নি।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন জানান, সকালে খবর পেয়েছি ৫টি দোকান ভেঙে পড়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। যে দোকানগুলো পড়ে গেছে তার উপড়ের রাস্তাটিও ঝুঁকিপুর্ণ। বর্তমানে আমরা রিজার্ভ বাজার এলাকায় কোন ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছি।
ঘটনাস্থল এলাকায় আমরা কয়েকজন পুলিশ সদস্যরা দায়িত্বে রেখে দিয়েছি।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, জেলা ত্রাণ কর্মকর্তা মো: রোকরুজ্জামান।