বাংলা হেড লাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যা অপহরণ মামলার ১ বছর পর ভিকটিম শাহীন আলমকে (২২) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শাহীন শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের হাসান আলীর ছেলে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ওসি (ডিবি) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান শনিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে উদ্ধার করা হয়। তার মা মাজেদা বেগম বাদী হয়ে ২০২০ সালের ৪ জুলাই প্রতিপক্ষ হোসেন আলীসহ ৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভিকটিমকে লুকিয়ে রেখে বাদী এ মিথ্যা মামলা দিয়ে আপোষের শর্তে আসামিদের কাছে টাকা দাবি করছিল। ওই বছরের ১৭ জুলাই এ মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে উর্ধতন কর্তৃপক্ষ।
পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় এ মামলার তদন্ত শুরু করা হয় এবং এ তদন্ত শেষে পুলিশ জানতে পারে বাদী ভিকিটিমকে লুকিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।