বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পণ্যবাহী কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মতিউর রহমান (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছে।
আজ রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া সদরের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খাইরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান নিহত মতিউর রহমান দিনাজপুরের খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের সামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ঈদের ছুটি শেষে রোববার সকালে তিনি মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থল সিরাজগঞ্জের দিকে রওনা দেন।
বেলা ১০টার দিকে তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে পৌঁছেন। এ সময় পিছনে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। তিনি মহাসড়কে ছিটকে পড়লে কাভার্ডভ্যানে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এনজিও কর্মীর মৃত্যু হয়। স্থানীয়রা কাছে থাকা মোবাইল ফোনে কল দিয়ে তার পরিচয় নিশ্চিত হন।
দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজু মিয়া নিহতের পরিচয় নিশ্চিত করে বলেন, লাশ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খাইরুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।