বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ ও বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজার জেলার রামু উপজেলার সিপাহীপাড়া গ্রামের মৃত জামাল
উদ্দিনের ছেলে মো: আব্দুর রশিদ (৩০), একই উপজেলার পশ্চিম মেরংলোয়া গ্রামের মো: নজিবুল আলমের ছেলে শওকত আলম (২৬), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মো: মনতাজ মন্ডলের ছেলে মো: হামিদুল ইসলাম (২০) ও একই উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো: সাঈদ নুর (৩০)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মি: জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর পৌণে ৩ টার দিকে বগুড়া জেলা সদরের জানে সাবা হাউজিং এস্টেট জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আব্দুর রশিদ ও শওকত আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯’শ ৮০ পিস ইয়াবা উদ্ধারসহ নগদ ৩ হাজার টাকা ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ভোর পৌণে ৫ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মো: হামিদুল ইসলাম ও মো: সাঈদ নুরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ নগদ ১ হাজার ২’শ টাকা ৩টি মোবাইল ও ১টি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯- ৫৮৮৬) জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসা করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।