বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই নতুন বাজারে অনুমোদনহীন মেসার্স সমবায় ট্যাংকলরি ফিলিং স্টেশন নামের একটি তেলের পাম্প বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে।
সেইসাথে অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারিভাবে নতুন স্থাপিত পেট্রোল পাম্পের অনুমোদন বন্ধ থাকা সত্ত্বেও মেসার্স সমবায় ট্যাংকলরি ফিলিং স্টেশন ২০১৯ সালের ১৪ মার্চ পাম্প পরিচালনার জন্য আবেদন করেই কার্যক্রম চালিয়ে আসছিলো। এমন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ১৪ জুলাই সরেজমিন পরিদর্শন করে অবৈধ পাম্প পরিচালনার প্রমাণ পেয়ে পাম্পটি বন্ধের জন্য নির্দেশনা দেয় তদন্তকারী দল।
কিন্তু তারপরেও অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন এই তেলের পাম্পটি। অনুমোদনহীন ওই পাম্পটি বন্ধের জন্য ২৮ জুলাই মেসার্স মেঘনা পেট্রোলিয়াম লিঃ বগুড়া কার্য্যালয় থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কাজীপুরের ইউএনও বরাবর একটি পত্র প্রেরণ করেন।
এ অভিযানে রাজশাহী বিভাগীয় কার্য্যালয়ের বিস্ফোরক পরিদর্শক আসাদুল ইসলাম ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তার সাথে ছিলেন।