বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত তার কার্যালয় চত্বরে এ সাজা দেন। এর আগে তিনি (ইউএনও) ও সহকারি কমিশনার (ভুমি) বরকতউল্লাহ উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈখাশী ও রাধানগর চরে পৃথক অভিযান চালিয়ে বালু উত্তোলনের চারটি লঞ্চ ড্রেজার মেশিন জব্দ করেন।
সাজাপ্রাপ্তরা হলো ধুনট উপজেলার গুয়াডহুরি গ্রামের রফিক শাহ্ধসঢ়;র ড্রেজার মেশিনের শ্রমিক বৈশাখী গ্রামের মাসুদ মন্ডল (৪৮), একই গ্রামের সিরাজ মন্ডল (৭০), শিমুলবাড়ি গ্রামের আব্দুল আলিম (৩০), রুবেল সরকার (৩৫), কৈগাড়ি গ্রামের আব্দুস সালামের ড্রেজার মেশিনের শ্রমিক একই গ্রামের শহিদুল ইসলাম (৫৫), ওসমান গণি (৩৮), শহিদুল ইসলাম (৩৫), চুনিয়াপাড়া গ্রামের ইস্তানুরের ড্রেজার মেশিনের শ্রমিক শহড়াবাড়ি গ্রামের মিজানুর রহমান (২২) ও টাঙ্গাইলের ভূয়াপুর এলাকার আইয়ুব আলীর ড্রেজার মেশিনের শ্রমিক গোবিন্দ শিং গ্রামের আল আমিন (৩০), একই এলাকার শফিকুল ইসলাম (২৫), সুলতান মিয়া (২৫), ফজলু মন্ডল (২৫), রমজান আলী মন্ডল (৩০) এবং ইমান আলী (৩৮)।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, একটি চক্র। গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন এবং নদীপথে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ড্র্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ড্রেজার মেশিনের মালিকসহ যারা বালু উত্তোলনে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে।