বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

টিকার লাইন থেকে এক নারীর গলা থেকে চেইন ছিনতাই ।। পাঁচ নারী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে টিকা নেওয়ার লাইনে থাকা মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহবধুর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনগণ পাঁচ নারীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। বিকালে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এদের বাড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াতে হলেও তারা স্থানীয় মোকামতলায় ভাড়া বাড়িতে থেকে চুরি, ছিনতাই, পকেটকাটাসহ বিভিন্ন অপরাধ করতেন।

গ্রেফতার নারীরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজমা বেগম (৩৫), একই এলাকার কাওসার আলীর স্ত্রী ফুলতারা বেগম (২৫), মো. শামীমের স্ত্রী রাবেয়া বেগম (২১), হবিগঞ্জ জেলা সদরের উচাইল গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগম (২৫) ও একই জেলার চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁন গ্রামের বাশির উদ্দিনের স্ত্রী জোসনা বেগম (২৬)।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, শনিবার বেলা ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের হুজ্জাতুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি টিকাদান কেন্দ্রের সামনে অন্যদের সাথে লাইনে দাঁড়ান। এ সময় নাজমা বেগম ও তার চার সহযোগী মরিয়মের গা ঘেঁষে দাঁড়ান। তাদের সরে যেতে বলা হলেও কর্ণপাত করেননি।

এক পর্যায়ে পিছনে থাকা নাজমা বেগম বোরকার ভেতরে হাত দিয়ে গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে দৌড় দেন। মরিয়ম বেগম টের পেয়ে চিৎকার দিলে উপস্থিত জনগণ নাজমা বেগমকে হাতেনাতে আটক করেন।

এছাড়া পলায়নরত তার চার সহযোগিকেও আটক করা হয়। পরে তাদের শিবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মরিয়ম বেগমের ছেলে হাসান আলী থানায় উল্লিখিত পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উদ্ধার করা চেনটি মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এরা মোকামতলায় বাড়ি ভাড়া নিয়ে জনবহুল এলাকায় ছিনতাই, ফোন চুরি, প্রতারণা, পকেটকাটাসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন। গ্রেফতার পাঁচজনকে বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com