বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ চাঞ্চল্যকর মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলায় রুহুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন।
সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
দন্ডাদেশপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিসেস জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্টা আলীম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট দিয়ে নিয়মিত মাদ্রাসায় আসা-যাওয়া করাবস্থায় আসামি রুহুল কুদ্দুসের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২০১৪ সালের ৫ এপ্রিল পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত আদালতের বিচারক আসামির উপস্থিতিতে উল্লেখিত রায় দেন।