বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জরিনা বিবি ও ডালিয়া হোসেন নামে দুই নারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক জিয়াউল হক নিজ কার্যালয়ে তাদের এ সম্মাননা তুলে দেন। তাদের ক্রেস্ট, সম্মাননা স্মারক, উত্তরীয়, শাড়ি ও স্যুভেনিয়র দেওয়া হয়।
এ সময় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর জেলা পর্যায়ে সকল জেলা প্রশাসক ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থাকেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে গঠিত সমন্বয় উপকমিটির দ্বিতীয় সভায় নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর এর দায়িত্ব দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে। পরে তাদের চাহিদা অনুসারে ২০৬ জন নারী বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মিলিয়ে মোট ৬৫৪ জনের তালিকা চূড়ান্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকা অনুসারে মঙ্গলবার তাদের সম্মাননা জানানো হয়।
ভার্চুয়ালি বগুড়া থেকে জেলা প্রশাসক জিয়াউল হকের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।