বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় ঢাকা-উত্তরবঙ্গ লেনে গাড়িগুলো ধীরগতিতে চললেও যানজট নেই কোথাও।
রোববার (১ মে) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সদর উপজেলার মুলিবাড়ী, কড্ডার মোড়, কামারখন্দের ঝাঐল ওভার ব্রিজ ও রায়গঞ্জের নলকা মোড় এলাকায় গাড়ির দীর্ঘ লাইন ও ধীরগতি লক্ষ করা গেছে।
ঢাকা ঘরমুখো মানুষদের নিয়ে ছেড়ে আসা অতিরিক্ত গাড়ির চাপের কারণে এই ধীরগতি থাকলেও কোনো যানজট নেই।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, রোববার (১ মে) ভোর থেকে মহাসড়কে গাড়ির অত্যাধিক চাপের কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় কোথাও কোথাও গাড়ির লম্বা লাইন ও একটু ধীরগতি হচ্ছে কোনো যানজট নেই।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ থাকায় কোথাও কোথাও মাঝে মধ্যে একটু ধীরগতি হলেও গাড়ি থেমে থাকছে না কোথাও। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক কাজ করছেন বলে জানান তারা।