বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির শাহজাদপুর উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন।
সেইসাথে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও দিয়েছেন বিচারক। দন্ডাদেশপ্রাপ্তরা হলো- শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার পরকীয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন।
ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সাথে মুক্তি খাতুনের বিয়ে হয়। মুক্তির বিয়ের আগে থেকেই মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ের পরও তা অব্যাহত থাকায় দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক চলে আসছিল। এমতাবস্থায় মুক্তি তার স্বামী মনিরুলকে তাদের প্রেমের পথে বাধা মনে করে দুজনে মিলে তাকে হত্যার পরিকল্পনা করে ।
মুক্তি তার স্বামী মনিরুলকে নিয়ে ২০১৯ সালের ৩ জুন রাতে দাদার বাড়ি শক্তিপুরে যায়। সেখানে রাতে মনিরুলকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পারিয়ে রেখে রাত ১২টার দিকে পরিকল্পনা অনুযায়ী তুহিন এলে দুজনে মিলে মনিরুলকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে জেলহক প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক আজ মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উল্লেখিত রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে গাজী আব্দুর রহমান (পিপি) ও আসামী পক্ষে গোলাম হায়দার মামলা পরিচালনা করেন।