বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার হাট ও মেডিক্যাল কলেজ গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে এনায়েতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ওই হাটের অর্জুন কুমার মোদকের দোকানে মেয়াদোত্তীর্ণ আটা-চিড়া বিক্রি ও অপরিষ্কার পরিবেশে তেলের ড্রামে ময়লা ও মাছি পড়ে থাকাসহ মোড়কজাত আইন না মেনে পণ্য বিক্রি করায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে এনায়েতপুর বাজারে মির্জা স্টোরে ২০ লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে ৭ হাজার টাকা এবং ভাই ভাই স্টোরের মালিককে ৩০ লিটার সয়াবিন তেল মজুদ রাখা ও আমদানি বিহীন কসমেটিকস বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান সমগ্র জেলায় অব্যাহত থাকবে বলে জানান তিনি।